১ ডিসেম্বর ২০১২ - ২০:৩০

মার্কিন সিনেট ইরানের ওপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপের যে সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস তার বিরোধিতা করেছে।

বার্তা সংস্থা আবনা : মার্কিন সিনেট ইরানের ওপর আরেক দফা নিষেধাজ্ঞা আরোপের যে সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউস তার বিরোধিতা করেছে।  ফরেন পলিসি নামের সাময়িকীতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে,সরাসরি সিনেটের এ পদক্ষেপের বিরোধিতা করেছে হোয়াইট হাউজ।

গত বৃহস্পাতিবার রাতে মার্কিন সিনেট ইরানের জ্বালানি,বন্দর,জাহাজ চলাচল ও জাহাজ নির্মাণ শিল্পের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি বিল অনুমোদন করে।

আমেরিকার প্রতিরক্ষা নীতি সংক্রান্ত বিলের অংশ হিসেবে নতুন এ নিষেধাজ্ঞা অনুমোদন করা হয় এবং মার্কিন সিনেটের ৯৪ সদস্য এ বিলের পক্ষে ভোট দেন। বিপক্ষে কোনো ভোট পড়েনি।

নতুন এ বিল অনুযায়ী ইরানের কাছে গ্রাফাইট,অ্যালুমিনিয়াম ও ইস্পাতসহ বেশ কিছু পণ্য-সামগ্রী এবং জাহাজ নির্মাণ ও পরমাণু খাতে ব্যবহৃত হয় এমন কিছু সফটঅয়্যার বিক্রয়কারী যে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে।

ইরান বোমা তৈরির লক্ষ্যে  পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে বলে ভুল তথ্যের ওপর ভিত্তি করে একের পর এক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়ে যাচ্ছে আমেরিকা। ইরান এ অভিযোগ সরাসরি অস্বীকার করে আসছে।

তবে বিলটি অনুমোদিত হওয়ার আগেই হোয়াইট হাউজ এর বিরোধিতা করে সিনেটরদের কাছে বার্তা পাঠিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট প্রাসাদ হোয়াইট হাউজ এমন সময় ইরান বিরোধী নিষেধাজ্ঞার বিরোধিতা করলো যখন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। হিলারি বলেছেন, ইরানের সঙ্গে দীর্ঘদিনের বিতর্কিত বিষয়গুলোর নিষ্পত্তির জন্য তিনি যে কোনো সময় যে কোনো স্থানে তেহরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।

বৃহস্পতিবার ডেমোক্র্যাট দলের কয়েকজন সিনেটরের কাছে হোয়াইট হাউজ নিষেধাজ্ঞার বিরোধিতা করে ই-মেইলও পাঠিয়েছে। এতে বলা হয়েছে, ইরানের সঙ্গে সম্ভাব্য আলোচনার ক্ষেত্রে  এই বিল মার্কিন প্রশাসনের স্বাধীনতা ক্ষুন্ন করবে। ওই ই-মেইলে আরো বলা হয়,ইরানের ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির সঙ্গে যারা জড়িত কেবল তাদের বিরুদ্ধেই নিষেধাজ্ঞা আরোপ করা উচিত বলে হোয়াইট হাউজ মনে করে। কিন্তু এ বিষয়টির দিকে কোনো নজর দেয়নি সিনেট।

নতুন নিষেধাজ্ঞা প্রস্তাব অনুযায়ী ইরানের বিভিন্ন বন্দরে প্রতিদিন যে সব জাহাজ নোঙ্গর করে এবং বিশ্বের বিভিন্ন দেশে ইরানের যে সব বিমান অবতরণ করে সে বিষয়ে মার্কিন কংগ্রেসের কাছে  হোয়াইট হাউজকে প্রতিবেদন দিতে হবে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জন্য তা বিশাল বোঝা হয়ে উঠবে বলে উল্লেখ করেছে হোয়াইট হাউজ।# রেডিও তেহরান